আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে সুস্থ ও নিরোগ থাকাটা এখন সাধারণ মানুষের জন্য এক বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে । দেশটিতে চিকিৎসা করানোর খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে এমন মানুষের সংখ্যা, যারা এই ব্যয়বহুল স্বাস্থ্যসেবার খরচ মেটাতে সম্পূর্ণ অক্ষম । বীমা-ভিত্তিক এই স্বাস্থ্য ব্যবস্থায় প্রিমিয়ামের পাশাপাশি অতিরিক্ত পকেট খরচ সাধারণ নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে ।
আমেরিকার রাস্তায় যেকোনো সাধারণ নাগরিককে জিজ্ঞেস করলেই এই স্বাস্থ্য ব্যবস্থার ওপর তাদের চরম ক্ষোভের কথা জানা যায় । অনেকে একে একটি অত্যন্ত বৈষম্যমূলক এবং অন্যায় ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন।
মহামারীর ভর্তুকি শেষ, ওবামাকেয়ারে ধস
করোনা মহামারীর সময়ে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য যে বিশেষ স্বাস্থ্য ভর্তুকি বা রিলিফ সাবসিডি চালু করা হয়েছিল, তার মেয়াদ গত বছরের শেষে শেষ হয়ে গেছে । এর ফলে সরকারি তথ্য অনুযায়ী, বিখ্যাত ‘ওবামাকেয়ার’ (Obamacare)-এ নিবন্ধনের সংখ্যা প্রায় ১০ লাখেরও বেশি কমে গেছে । বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের শেষের দিকে এই সংখ্যা আরও কমতে পারে, যা ওবামাকেয়ার চালুর পর প্রথম বড় ধরনের ধস ।
অন্যদিকে, রিপাবলিকানদের পাস করা নতুন বিলের কারণে আগামী এক দশকে ফেডারেল মেডিকেড (Medicaid) বাজেট থেকে প্রায় ৯০০ বিলিয়ন ডলার কেটে নেওয়া হবে । এই মেডিকেড মূলত আমেরিকার সবচেয়ে অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা সুরক্ষা দিয়ে থাকে ।
বীমাহীন ২৭ মিলিয়ন আমেরিকান ও হাসপাতালের সংকট
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের কম বয়সী নাগরিকদের মধ্যে স্বাস্থ্যবীমাহীন মানুষের হার প্রায় ১০ শতাংশে গিয়ে ঠেকেছে । এর অর্থ হলো, দেশের প্রায় ২ কোটি ৭০ লাখ (২৭ মিলিয়ন) মানুষের কোনো স্বাস্থ্য সুরক্ষা বা মেডিকেল কাভারেজ নেই ।
স্বাস্থ্যবীমার খরচ আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষ বাজার থেকে ছিটকে পড়ছে। এই পরিস্থিতি কেবল সাধারণ নাগরিকদেরই নয়, বরং হাসপাতালগুলোর ওপরও তীব্র আর্থিক চাপ সৃষ্টি করছে । বীমা কোম্পানিগুলো অনেক সময় হাসপাতালের প্রকৃত খরচ পরিশোধ করে না ।
গ্রামীণ এলাকায় হাসপাতাল বন্ধের হিড়িক
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার অপেক্ষাকৃত কম ধনী এবং গ্রামীণ এলাকাগুলোতে। গত এক দশকে গ্রামীণ অঞ্চলের ১০০টিরও বেশি হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে । এর ফলে গর্ভবতী মায়েদের সন্তান প্রসবের মতো জরুরি প্রয়োজনেও মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে অন্য শহরে যেতে হচ্ছে। গবেষকদের মতে, বর্তমানে পুরো আমেরিকা জুড়ে আরও ৭০০-র বেশি হাসপাতাল বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে ।
আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনে (Midterm Election) এই স্বাস্থ্যসেবা খাতটি রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বড় যুদ্ধক্ষেত্র হতে চলেছে